)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দা থেকে ছোটপর্দা দাপিয়ে অভিনয় করে বরাবর দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। অভিনেতার অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছিল গোটা ইন্ডাস্ট্রি। এবার তাঁর দেখানো পথেই পা রাখলেন অভিনেতার মেয়ে সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee)। এবার ধারাবাহিকে ডেবিউ করলেন সাইনা।
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। সেই ধারাবাহিকে আসছে নয়া মোড়। বড় 'রূপা'র চরিত্রে দেখা যাবে নবাগতা সাইনা চট্টোপাধ্যায়কে। এই চরিত্রের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। বাবার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলেন সাইনা। কাকে দেখা যাবে বড় রূপার চরিত্রে? এই নিয়ে দর্শকের মধ্যে ছড়িয়েছিল কৌতূহল। আগে জানা গিয়েছিল, এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। কিন্তু তার ডেট না পাওয়াতেই সুযোগ পেলেন সাইনা।
আগে এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অভিষেকের ইচ্ছে ছিল মেয়ে বড় হয়ে অভিনয় জগতে যেন আসে। অবশেষে হতে চলেছে সেই ইচ্ছেপূরণ। মেয়ের ডেবিউয়ের খবর প্রকাশ্য আসতেই সংযুক্তা জানান, ‘অভিনয়ে আসা পুরোটাই ডলের সিদ্ধান্ত, আমাদের ইচ্ছে নয়। তাই যখন সুযোগ এলো আমরা আর না করিনি। বরং দায়িত্ববান মায়ের মতো ওর ইচ্ছেটাকে গুরুত্ব দিয়েছি। ডল যা করবে, সেটাই মেনে নেব।’
অভিষেকের স্ত্রী আরও জানান, ‘আমরা কাউকে বলিনি ও অভিনয়ে আসবে কিন্তু প্রথম দিন শুটিং ফ্লোরে গিয়ে ও যেভাবে সংলাপ বলল। তা অনন্য। একবারে পাশ হয়ে যায়। ডলের সংলাপ বলার ধরণ দেখে মনে হল যেন অভিষেক নিজের হাতে ক্যারিয়ারটা গুছিয়ে দিয়েছে।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)