)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। সময়টা বেশ খারাপই যাচ্ছে অক্ষয় কুমারের (Akshay Kumar)। এবার সমাজকল্যাণমূলক কাজে মন দিলেন সুপারস্টার। মুম্বইয়ের হাজি আলি দরগার (Haji Ali Dargah)একটি অংশের মেরামতির জন্য এবার অর্থ সাহায্য করলেন বলিউডের খিলাড়ি কুমার, যিনি বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত।
বৃহস্পতিবার, ৮ আগস্ট দরগা পরিদর্শন করেন অক্ষয়। দরগার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার এক পোস্টে জানা যায় সেই তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেতার সেই ছবি। তার পরেই দরগার তরফ থেকে বলা হয় যে,অক্ষয় দরগা মেরামতের জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা দান করেছেন। এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘সুপারস্টার অক্ষয় কুমার হাজি আলি দরগার একটি অংশের সংস্কারের দায়িত্ব নিয়েছেন।’
দরগা কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে অক্ষয় কুমার ঘুরে ঘুরে দরগা দেখছেন। কর্তব্যরতকর্মীদের সঙ্গে ছবিও তোলেন তিনি। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সুপারস্টার অক্ষয় কুমার হাজী আলী দরগার একটি অংশ সংস্কারের দায়িত্ব নিয়েছেন। এজন্য ১ কোটি ২১ লক্ষ দান করেছেন। ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। অক্ষয়ের এই কাজে তাঁর ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, অক্ষয় অভিনীত শেষ সিনেমা ‘সরফিরা’। ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সুধা কংগারা পরিচালিত এই ছবির বাজেট ৮০ কোটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। অক্ষয় অভিনীত এ সিনেমা আয় করে মাত্র ৩০ কোটি। প্রায় ৫০ কোটির ক্ষতি হয়েছে প্রযোজকের। সম্প্রতি তাঁর ব্য়র্থতা নিয়ে মুখ খুলেছেন অক্ষয়। তিনি বলেন যে অনেকেই তাঁর ছবির ব্যর্থতার পর এমন মেসেজ পাঠিয়েছেন যে তা পড়ে মনে হচ্ছে তিনি যেন মারাই গিয়েছেন। তবে অক্ষয় আশাবাদী যে খুব শীঘ্রই এই খারাপ সময় থেকে বেরিয়ে আসবেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)