জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩০ ঘণ্টা পর থামল লড়াই। শেষ রক্ষা হল না। ৬৩ বছরে প্রয়াত সলমান খানের(Salman Khan) সুপারহিট ছবি 'বডিগার্ড'-এর(Bodyguard) পরিচালক সিদ্দিক ইসমাইল(Siddque Ismail)। সোমবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। এদিন বিকাল তিনটে নাগাদ বুকে ব্যথা অনুভব করেন পরিচালক। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মঙ্গলবার রাত ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন- Pori Moni: প্রাক্তন স্বামীর সঙ্গে মিলিয়ে ছেলের নামকরণ, বিচ্ছেদের পর নাম বদলে ফেললেন পরীমণি...
হৃদরোগ ছাড়াও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। জানা যাচ্ছে যে বিগত বেশ অনেক দিন ধরেই নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছিলেন সিদ্দিক ইসমাইল। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মাঝেই হৃদরোগে আক্রান্ত হন পরিচালক। গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তাঁকে ইসিএমও সাপোর্টে রাখা হয়েছিল। হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে সোমবার বলা হয় যে, মঙ্গলবার মেডিকেল বোর্ড তাঁর স্বাস্থ্য নিয়ে বৈঠকে বসবে। বোর্ডের নিদ্ধান্ত অনুযায়ী সিদ্দিকের পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে। এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। মালায়ালাম পরিচালক বি উন্নিকৃষ্ণান এদিন ৯.১৫ নাগাদ জানান যে ‘সিদ্দিক আর আমাদের মধ্যে নেই’।
প্রসঙ্গত, সলমান খান ও করিনা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘বডিগার্ড’-এর পরিচালক হিসাবে বলিউডে তিনি জনপ্রিয়তা পেলেও তাঁর কেরিয়ার দীর্ঘ তিন দশকের। মালায়ালম ছবিতে চিত্রনাট্যকার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সিদ্দিক ইসমাইল। ১৯৮৬ সালে চিত্রনাট্যকার হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি । এর বছর তিনেক পরেই ১৯৮৯ সালে মালায়ালাম ভাষার ‘রামজি রাও স্পেকিং’ সিনেমার হাত ধরে পরিচালক হিসেবে ডেবিউ করেন তিনি।
আরও পড়ুন- Kiara Advani At Wagah Border: ওয়াঘা সীমান্তে তেরঙা ওড়ালেন কিয়ারা, সেনা-ছাউনিতে শিখলেন বন্দুক চালানো...
তিন দশকের বেশি সময় ধরে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সিদ্দিক ইসমাইল। তাঁর একাধিক ছবি পেয়েছে সুপারহিটের তকমা। তাঁর প্রথম বলিউডের ছবি ‘হুলচুল’। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি সেভাবে কোনও সাড়া ফেলতে পারেনি। এরপর ২০১১ সালে সলমান করিনা জুটি নিয়ে তিনি তৈরি করেন ‘বডিগার্ড’। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এই ছবি, এই ছবির গান তুমুল জনপ্রিয়তা পায়। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে অন্যতম ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)