Mitchell Starc: স্বার্থসিদ্ধি করতেই ন'বছর পর ক্রোড়পতি লিগে! অকপট অস্ট্রেলিয়ার 'আগ্নেয়াস্ত্র'

Mitchell Starc set to return in IPL after 9 years: ক্রিকেট অনুরাগীদের উদ্বেল করে, আইপিএল ফ্র্য়াঞ্চাইজিগুলির চাপ বাড়িয়ে দিলেন মিচেল স্টার্ক। সাফ জানিয়ে দিলেন যে, আগামী বছর আইপিএলে ফিরছেন তিনি।

শুভপম সাহা | Updated By: Sep 7, 2023, 12:23 PM IST
Mitchell Starc: স্বার্থসিদ্ধি করতেই ন'বছর পর ক্রোড়পতি লিগে! অকপট অস্ট্রেলিয়ার 'আগ্নেয়াস্ত্র'
মিচেল স্টার্ক জানিয়ে দিলেন যে, তিনি ফিরছেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রজন্মের অন্যতম সেরা ফাস্টবোলারের নাম মিচেল স্টার্ক (Mitchell Starc)। এই নিয়ে কোনও সন্দেহ নেই। স্টার্কের এখন বয়স ৩৩। তাঁর মধ্যে প্রচুর ক্রিকেট বাকি রয়েছে। অজি নক্ষত্র স্পিডস্টারের নিজেক ঠিক যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেখানে তাঁকে নেওয়ার জন্য আইপিএলের যে কোনও ফ্র্যাঞ্চাইজি কোটি কোটি টাকা খরচ করতে দু'বার ভাববেন না। ঝাঁপিয়ে পড়বে বলা ভালো। এহেন স্টার্ক ২০১৪ ও ২০১৫ মরসুমের পর আর কখনও আইপিএলে নাম লেখাননি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ( Royal Challengers Bangalore, RCB) জার্সিতেই খেলেছেন। ২০১৮ সালে স্টার্ক আইপিএল নিলামে নিজেকে রেখেছিলেন। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৯.৪০ কোটি টাকায় তাঁকে দলে নেয়। কিন্তু পিঠের চোটের জন্য় স্টার্ক নিজেকে সরিয়ে নেন। তবে তিনি ফিরছেন আইপিএলে। আগামী বছর ক্রোড়পতি লিগে (IPL 2024) ঝলসাবেন আগুন। জানিয়ে দিলেন আগাম। এর সঙ্গে সাফ বলে দিলেন যে, স্বার্থসিদ্ধি করতেই ন'বছর পর ক্রোড়পতি লিগে ফিরছেন অস্ট্রেলিয়ার আগ্নেয়াস্ত্র।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Cristiano Ronaldo: 'আমাকে ভালোবাসলে, মেসিকে ঘৃণা করবেন না, আমি ওকে শ্রদ্ধা করি!

উইলো টক ক্রিকেট পডকাস্টে স্টার্ক বলেন, 'আমি নিশ্চিত ভাবে আগামী বছর আইপিএলে ফিরছি। টি-২০ বিশ্বকাপের আগে আইপিএল দারুণ প্রস্তুতির মঞ্চ। আমার জন্য দারুণ একটা সুযোগ। দেখা যাক কেউ আমাকে আইপিএলে নিতে আগ্রহী হয় কিনা! চলতি গ্রীষ্মকালীন ক্রিকেটীয় মরসুমের চেয়ে আগামী বছরটা তুলনামূলক ভাবে ঠাসা থাকবে না। আমার মনে হয় আইপিএলে নাম লেখানোর এটাই প্রকৃত সুযোগ।'

চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। ওভালে 'আল্টিমেট টেস্ট' শুরু হওয়ার আগে স্টার্ক বলেছিলেন, দীর্ঘবছর আইপিএল থেকে দূরে থাকার কারণ। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টার্ক বলেছিলেন, 'অস্ট্রেলিয়ার হয়ে খেলা দীর্ঘায়িত করতে চাই বলেই কিছু জিনিস আমি করি না। আমি এই ব্যাপারে স্মার্ট। টাকা ভালো, তবে আমি ১০০ টেস্ট খেলতে পারলে খুশি হব। জানি না পারব কী পারব না, তবে আমার ইচ্ছা আছে। আমার মধ্যে এখনও কিছু ক্রিকেট বাকি আছে। ১০ বছরেরও বেশি সময় ধরে তিন ফরম্যাটে খেলে যাওয়া যথেষ্ট যন্ত্রণাদায়ক। তবে আমি কৃতজ্ঞ যে আমি পেরেছি।' স্টার্ক দেশের হয়ে ২০১৫ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছেন। ২০২১ সালে জিতেছেন কুড়ি ওভারের বিশ্বকাপ। চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ জিততেও মরিয়া তিনি। আগামী বছর ৪-৩০ জুন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় যৌথ ভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আইপিএল খেলে নেট প্র্যাকটিস সেরে নিতে চান স্টার্ক।

আরও পড়ুন: ICC: একুশের বিশ্বকাপে শুরু, এখনও লাগাতার যৌন হেনস্থা মহিলার! মুখে কুলুপ আইসিসি-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.