বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয়। ঐতিহাসিক রায় দিল বম্বে হাইকোর্ট। উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক ধর্ষণ বলে গণ্য করা যাবে না। প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা একটি মামলায় এই রায় দিলেন বিচারপতি মৃদুলা ভাটকার।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কি ধর্ষণ? দেশজুড়ে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, এমনকী শীর্ষ আদালতেও এই মর্মে একাধিক মামলা চলছে। সওয়াল-পাল্টা সওয়ালে নানা সময়ে তপ্ত হয়েছে এজলাস। সুপ্রিম কোর্টের এক রায়ে অনেকটাই স্বস্তি মিলেছিল প্রেমিকের।২০১৩-র ২০ মে একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উভয়ের সম্মতিতে সহবাস হলে তাকে ধর্ষণ বলা যাবে না। ভবিষ্যতে যদি ওই নারী-পুরুষের বিয়ে নাও হয়, তা হলেও তাকে কোনওভাবেই ধর্ষণ বলে গণ্য করা যাবে না। শীর্ষ আদালতের দেখানো পথে হাঁটল বম্বে হাইকোর্ট। শনিবার একটি মামলার রায় শোনাতে গিয়ে বিচারপতি মৃদুলা ভাটকার জানান,দুজন প্রাপ্তবয়স্কের মধ্যে যৌন সম্পর্ক যদি সেই মুহূর্তে উভয়ের সম্মতিতে হয়ে থাকে, তাহলে তাকে ধর্ষণ বলা যাবে না। এই মামলায় ২১ বছরের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁর প্রাক্তন প্রেমিকা। প্রেমিকার অভিযোগ, ওই যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হন। কিন্তু আচমকা তাঁদের সম্পর্কে চিড় ধরে। সম্পর্ক ভেঙে বেরিয়ে যান যুবক। এরপরেই প্রেমিকা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।