TV Serial: ‘সেট থেকে বেরোতে দিচ্ছিল না...’, ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর

Tv Actress: কমেডি শোয়ের সেটে চিত্রটা তুলে ধরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার।  ‘আমি ১৫ বছর এই শো করছি। এই শো আমায় নাম, জনপ্রিয়তা, টাকা সব দিয়েছে। তাই আমি চুপ ছিলাম। তবে দুমাস পেরিয়ে গেছে, এবার মুখ খুলতেই হচ্ছে।' জানালেন অভিনেত্রী...

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: May 11, 2023, 02:35 PM IST
TV Serial: ‘সেট থেকে বেরোতে দিচ্ছিল না...’, ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দি ধারাবাহিকের জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তারক মেহেতা কী উলটা চশমা। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় রাজ করছে এই ধারাবাহিক। এক অর্থে এই ধারাবাহিকের চরিত্ররা প্রায় সারা দেশের বাড়ির লোক হয়ে উঠেছেন। তাই কমেডি এই শোয়ের নেপথ্যের কাহিনী শুনে কার্যত অবাক নেটপাড়া। কিছুদিন আগেই প্রযোজক অসিত কুমার মোদীর বিরুদ্ধে পাওনা টাকা না দেওয়ার অভিযোগে মামলা করেছিলেন অভিনেত্পী শৈলেশ লোধা। এবার সেই প্রযোজকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ধারাবাহিকের অভিনেত্রী।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Sudipto Sen Exclusive: ‘মমতাদি দ্য কেরালা স্টোরি দেখেননি তাই ব্যান করেছেন’, দাবি পরিচালক সুদীপ্ত সেনের

জেনিফার মিস্ত্রি বানসিওয়াল, যিনি এই ধারাবাহিকে শ্রীমতী রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করেন, তিনি সম্প্রতি কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ করেন। তাঁর অভিযোগের তীর প্রযোজক অসিত মোদি, প্রজেক্ট হেড সোহেল রামানি ও এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বাজাজের বিরুদ্ধে। সূত্রের খবর, বিগত দু’মাস ধরে সেটে আসছেন না জেনিফার। গত ৬ মার্চ তিনি শেষ বার তারক মেহেতা কি উলটা চশমার একটি পর্বের শ্যুটিং করেন। অভিনেত্রী দাবি, ঐ দিন সোহেল ও যতীন বাজাজের কাছে যৌন হেনস্থার শিকার হন তিনি, অপমানিত হয়ে সেট ছাড়তে বাধ্য হন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জেনিফারের সঙ্গে যোগাযোগ করায় তিনি এই বিষয়ে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু এরপর যখন সেই সংবাদমাধ্যম তদন্ত শুরু করে বিষয়টি নিয়ে তখন এই বিষয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এই শো ছেড়ে দিয়েছি। এটা ঠিক যে গত ৬ মার্চ আমি তারক মেহেতা কি উলটা চশমার শেষ পর্ব শ্যুট করেছি। আমি সেট ছাড়তে বাধ্য হয়েছি কারণ আমাকে সোহেল রামানি ও যতীন বাজাজ ভীষণ অপমান করেছেন। আমি আগেই বলেছিলাম ৭ মার্চ হোলি ছিল এবং আমার বিবাহবার্ষিকী, তাই আমার হাফ ডে-র ছুটি লাগবে। কিন্তু ওরা কিছুতেই রাজি হয়নি, তখন আমি ২ ঘণ্টার ছুটি চাই। সেই সময় আমার উপর চেঁচাতে থাকে ওরা। চারবার আমায় সেট থেকে গেট আউট বলে চিৎকার করে। আমি অপমানিত হয়ে বেরিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি যাতে বেরোতে না পারি সেই জন্য আমার গাড়ির গায়ে ঠেসান দিয়ে দাঁড়িয়ে ছিল যতীন। এমনকী স্টুডিয়োর গেট বন্ধ করে দেয়।’

আরও পড়ুন- Srabanti: লন্ডনে খুনের মামলায় জড়িয়েছেন শ্রাবন্তী, তারপর...

তাহলে এতদিন তিনি চুপ ছিলেন কেন? জেনিফার বলেন, ‘আমি ১৫ বছর এই শো করছি। এই শো আমায় নাম, জনপ্রিয়তা, টাকা সব দিয়েছে। তাই আমি চুপ ছিলাম। তবে দুমাস পেরিয়ে গেছে, এবার মুখ খুলতেই হচ্ছে। আগেও এই শোয়ে হেনস্থার শিকার হয়েছি। আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন আমাকে বেআইনি ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। এই শোয়ে পুরুষদের সব কথা শোনা হয়, কিন্তু মহিলাদের জন্য খারাপ জায়গা। এখানে সবাই বন্ডেড শ্রমিক। আগে থেকে বলে রাখা সত্ত্বেও একবার আমার হাফ ডে-র টাকা কাটা হয়। এমনকী প্রযোজক অসিত কুমার মোদী বহুবার আমাকে যৌন ইঙ্গিত দিয়েছেন। আমি ভয়ে সেগুলো এড়িয়ে গেছি। যদি কাজ না পাই আর, সেটাই ভাবতাম। কিন্তু পনেরো বছর এই শো করে যদি এই অভব্য ব্যবহার পাই, তাহলে নতুনদের সঙ্গে এরা কী করে, সেটা ভেবেই শিউরে উঠছি। আমি সর্বস্তরে অভিযোগ জানিয়েছি কিন্তু কোনও রিপ্লাই পাইনি। এরপর আইনি পথে যেতে হবে। আমার আইনজীবী বিষয়টি দেখছেন।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.