)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন অধিনায়ক সুনীল ছেত্রী। ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি। নিজের অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবল আইকন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অবসরের ঘোষণা করেন। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ।
I'd like to say something... pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
অবসরের ঘোষণা করে, সুনীল ছেত্রী তাঁর কেরিয়রের যাত্রার কথা স্মরণ করে বলেন, 'আমার এখনও মনে আছে যখন আমি আমার প্রথম ম্যাচ খেলেছিলাম। আমার প্রথম ম্যাচ, আমার প্রথম গোল, এটি ছিল আমার যাত্রার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।' ৯ মিনিটের লম্বা ভিডিয়োয় তিনি আরও বলেন, 'জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজের কথাবার্তা, মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল, তারপরে ৮০ মিনিটে গোল হজম করা, এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না।'
অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রথমেই তার বাবা-মা এবং স্ত্রীকে বিষয়টি জানান। বলেন, 'এবার সময় এসেছে বিদায় নেওয়ার এবং নতুনদের সুযোগ করে দেওয়ার।' ৩৯ বছর বয়সী সুনীল দেশের হয়ে এখনও পর্যন্ত ১৪৫টি ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে দেশের হয়ে ৯৩টি গোল। ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতাদের তালিকায় তিনি আপাতত চতু্র্থ স্থানে দাঁড়িয়ে রয়েছেন। সুনীল ছেত্রী ৬ জুন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শেষেই নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)