)
নিজস্ব প্রতিবেদন: ছিলেন কোটি কোটি টাকার মালিক। এখন কার্যত সর্বস্ব হরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন যুবক। ১৪ বছর বিদেশ থেকে ফিরে দেখলেন, তাঁর সমস্ত সম্পত্তি 'হাতিয়ে' নিয়েছে স্ত্রী। মামাতো ভাইয়ের সঙ্গে 'সম্পর্কে' জড়িয়ে 'চম্পট' দিয়েছে সে।
জানা গিয়েছে, চার বছর প্রেমের পর ২০০৪-এ মাহফুজার রহমানের সঙ্গে রজনী খাতুনের বিয়ে হয়। ২০০৮-এ মাহফুজার মালয়েশিয়া চলে যান। এরপর সেখান থেকে স্ত্রীকে টাকা পাঠাতে থাকেন। সেই টাকায় জমি কেনে রজনী। জামালপুর এলাকায় ৪২ লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করে। মাহফুজার রহমানের অভিযোগ, তিনি বিদেশ থেকে ফিরে দেখেন, প্রায় ১২ ভরি সোনার গয়না এবং প্রায় দেড় কোটি টাকা নিয়ে পালিয়েছে তাঁর স্ত্রী। কারণ, তার মামাতো ভাই রেজাউল করিমকে বিয়ে করেছে সে।
যুবকের আরও অভিযোগ, বিদেশ থেকে ফিরে বাড়িতে ঢুকতে গেলে, তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ, জাল দলিল বানিয়ে ওই বাড়ি-সহ সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে অভিযুক্ত মহিলা। নিজের উপার্জিত সম্পত্তি, অর্থ এবং গয়না ফেরত পেতে আইনের দ্বারস্থ হয়েছেন যুবক। গোটা ঘটনায় বাংলাদেশের শাজাহানপুরের জামালপুর নয়মাইল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।