তেল নয়, জলে ছুটবে গাড়ি, নবম শ্রেণির দুই পড়ুয়ার তৈরি মডেল দেখে অবাক সবাই
তেল নয়। জলে ছুটবে গাড়ি। নবম শ্রেণির দুই ক্ষুদে পড়ুয়ার তৈরি মডেল দেখে অবাক স্কুলের শিক্ষকরা। আকাশ আর সৌরভ। জেলা বিজ্ঞান মঞ্চের প্রদর্শনীতেও প্রথম হয়েছে রায়গঞ্জের হাতিয়া গ্রামের দুই ক্ষুদে বিজ্ঞানীর তৈরি তাক লাগানো মডেল। বড় হয়ে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন অভাবী পরিবারের দুই ক্ষুদে পড়ুয়া।অজ গাঁয়ের বিস্ময় এই দুই ক্ষুদে পড়ুয়া। সৌরভ আর আকাশ। গলায় গলায় ভাব।রায়গঞ্জের গৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক গ্রাম হাতিয়া। এখান থেকেই আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে ওরা। নবম শ্রেণির দুই ক্ষুদে বিজ্ঞানী আকাশ আর সৌরভ। দুচোখে অনেক স্বপ্ন। সাধারণ ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়েই ওরা তৈরি করে ফেলেছে অদ্ভুত এক ক্রেন। ওদের আবিষ্কারে অবাক স্কুলের শিক্ষকরাও। এমন এক ক্রেন বানিয়েছে দুই ক্ষুদে পড়ুয়া, যা তেলে নয় জলের শক্তিতেই কাজ করছে। উপকরণও অতি সাধারণ।পাট কাঠি,বেড়া বাঁধার তার,সাইকেলের পুরনো স্পোক,ইঞ্জেকশনের সিরিঞ্জ,স্যালাইনের পাইপ। এসব দিয়েই তৈরি হয়েছে নতুন এক মডেল।