)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগেরবাজারের ডায়মন্ড সিটি বহুতলের ১৭ তলায় আগুন। বাইরে থেকে আগুনের শিখা দেখে আতঙ্ক ছড়াল এলাকায়। দৌড়ে বহুতল থেকে নেমে এলেন বহুতলের বাসিন্দারা। ঘটনাস্থলে ছুটে এল একাধিক ইঞ্জিন।
দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। প্রাথমিকভাবে দমকল মন্ত্রী সুজিত বলেন, যশোর রোডের ডায়মন্ড সিটি বহুতলে আগুন লেগেছে। সেখানেই যাচ্ছি। আগুন দেখে আবাসিকরা দমকলে খবর দেন। প্রাথমিকভাবে দমকল আগুন আটকে রাখার চেষ্টা করলেও আরও ইঞ্জিন এসে পুরোদমে আগুন নেভানোর কাজে লেগে যায়। তবে সময় যত এগোয় ততই বহুতলের ওই ১৭ তলার বিভিন্ন ফ্ল্যাটের জানালা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন বহুতলের মানুষজন।
আগুন লাগার খবর পেয়েছে বাসিন্দারা পড়িমড়ি করে নীচে নেমে আসেন। অনেকেই অন্যান্যদের ডেকে ঘর থেকে বাইরে বের করে আনেন। কয়েকজন ছাদে আটকে পড়েন। তাদের নামানোর জন্য দমকলকে বারবার বলতে থাকেন বাসিন্দারা। তারাই উদ্যোগ নিয়ে বয়স্কদের চেয়ারে চাপিয়ে নামিয়ে আনেন। গোটা আবাসন চত্বর মানুষে ভরে যায়।
ঘটনাস্থলে এসে সুজিত বসু বলেন, যে জায়গায় আগুন লেগেছে সেখানে প্রচুর ধোঁয়া। দমকল কর্মীদের ঢুকতে অসুবিধে হচ্ছে। ধোঁয়া একটু কমলে উপরে যারা আটকে রয়েছেন তাদের উদ্ধার করা হবে। যে জায়গায় আগুন রয়েছে সেটি প্রায় ১৫০০ বর্গ ফুটের মতো। ওই আগুন প্রায় নিয়ন্ত্রণে।
এদিকে, ঘটনাস্থলে একের পর এক দমকলের ইঞ্জিন চলে আসে। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তারপরেই কোথায় কোনও পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করে দমকল।