)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অসুস্থতার জন্য তিনি মাঠে নামতে পারবেন না। তবে তাতে কি! দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাদের হোম গ্রাউন্ড অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) খেলতে নামলে ঋষভ পন্থ (Rishabh Pant) কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। ঋষভ যাতে মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন, সেইজন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) ডিরেক্টর শ্যাম শর্মা জানান, পন্থের জন্য বিশেষ র্যাম্প তৈরি করা হচ্ছে।
শ্যাম শর্মা বলেন, "এটা ওর ঘরের মাঠ। এখানে ঋষভকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। দিল্লি ক্যাপিটালস অনুমতি দিয়েছে। তাহলে আমরা বাকিটা সামলে নেব। বাড়ি থেকে নিয়ে আসা থেকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সবই আমাদের দায়িত্ব। ডাগআউট পর্যন্ত পৌঁছতে যাতে ওর কোনও সমস্যা না হয়, তার জন্য একটি স্পেশ্যাল র্যাম্পও তৈরি করা হবে।"
আসলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting) ও ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) চেয়েছিলেন, হোম ম্যাচে যেন ডাগআউটে থাকেন ঋষভ। তাঁর ইচ্ছাপূরণ করতেই এই বিশেষ ব্যবস্থা নিচ্ছে দিল্লি ক্রিকেট সংস্থা। আগামী ৪ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে পন্থকে ডাগআউটে দেখা যায় কি না, সেটাই এখন দেখার। তবে দলকে উৎসাহ দিতে যে মুখিয়ে রয়েছেন তারকা উইকেটকিপার, তা বলাইবাহুল্য। শ্যাম শর্মা জানান, তিনি ইতিমধ্যেই পন্থের সঙ্গে কথা বলেছেন।
— Rishabh Pant (@RishabhPant17) March 29, 2023
এদিকে আইপিএল শুরু হওয়ার আগে ঋষভকে একটি ফুড ডেলিভারি অ্যাপের বিজ্ঞাপনে দেখা গেল। সেই বিজ্ঞাপনের ভিডিয়ো টুইট করেছেন খোদ ঋষভ। সেখানে মারকুটে ব্যাটার-উইকেটকিপার বলছেন, "সবাই আইপিএল খেলছে, তাহলে আমি কেন বসে থাকব? আমি কিন্তু এই খেলার বস! সেটা মনে রেখো। তাই আমিও খেলব।" ঋষভের সেই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই মুহূর্তে ভাইরাল।
ঋষভ সেই প্রোমোশনাল ভিডিয়োতে ফের বলেছেন, "ক্রিকেট ও খাবার, এই দুটি জিনিস ছাড়া আমি বাঁচতে পারব না। অসুস্থতার জন্য কয়েক মাস ধরে ক্রিকেট খেলতে পারছি না। ডাক্তাররা পেট ভরে প্রচুর খাবার খেতে বলেছেন। তাই ঘরের খাবার খাচ্ছি। কখনও মায়ের হাতের তৈরি খাবার খাচ্ছি। আবার মাঝেমধ্যে বন্ধু-বান্ধবরা এলে খাবার অর্ডার করছি। আর এরইমধ্যে ক্রিকেটের মরসুম শুরু হয়ে গেল। সবাই মাঠে নেমে পড়ার অপেক্ষায় রয়েছে। তাহলে আমি কেন বসে থাকব? আমি কিন্তু এই খেলার বস! সেটা মনে রেখো। তাই আমিও খেলব।"
গত ৩০ ডিসেম্বর ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। পুড়ে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রথমে দেরহাদুন ও পরে মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হয় ভারতীয় উইকেটকিপারের। গত ১৬ জানুয়ারি টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, 'সকলে যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।' এরপর সোশ্যাল মিডিয়াতে নিজের সুস্থতার আপডেট দিয়ে আরও কয়েকটি পোস্ট করেছিলেন ঋষভ। তাছাড়া তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন হরভজন সিং, সুরেশ রায়নার মতো প্রাক্তনরা। এদিকে ঋষভের বদলি হিসেবে ইতিমধ্যেই দিল্লি বঙ্গসন্তান অভিষেক পোড়েলকে দলে নিয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছিলেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত মাঠে ফেরা হচ্ছে না পন্থের। কারণ পুরোপুরি ফিট হতে এখনও অনেকটাই সময় লাগবে তাঁর। কড়া নিয়ম মেনে চলবে রিহ্যাব। আইপিএল-এ তাঁর দল হোম গ্রাউন্ডে নামার সময় সেখানে উপস্থিত থাকবেন ঋষভ। এখন ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ঋষভ কামব্যাক করতে পারেন কিনা সেটাই দেখার।