)
অয়ন ঘোষাল: রাজ্যের নয় জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আজ থেকে দমকা ঝোড়ো হাওয়ার তীব্রতা কমবে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যজুড়ে।
যদিও জানা গিয়েছে যে বাড়বে বৃষ্টি। মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তবে সোমবার বেলা গড়ালেই সার্বিকভাবে রাজ্যে দমকা ঝোড়ো হাওয়ার প্রভাব কমবে। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার বাইশে মার্চ থেকে আবহাওয়ার বদল হতে পারে।
কবে কেমন থাকবে আবহাওয়া?
২০ মার্চ সোমবার
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপকূলের জেলা সহ দুই এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।
২১ মার্চ মঙ্গলবার।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের সম্ভাবনা নেই। বুধবার থেকে বৃষ্টি কমবে এবং আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে।
কী হবে এর প্রভাব?
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনও আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
দেশের আবহাওয়া
রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান রয়েছে। ঝাড়খণ্ড থেকে কর্ণাটক পর্যন্ত আরও একটি অক্ষরেখার অবস্থান রয়েছে। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় ও ঝাড়খন্ড এলাকায়।
কলকাতার আবহাওয়া
কলকাতায় সোমবার প্রধানত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে শহরে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি থেকে কমে ২০.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি থেকে কমে ২৬.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৫.৬ মিলিমিটার।