সিঙ্গুরে বিজয় উত্সবের মঞ্চ থেকে ৯১১৭জনকে জমির পরচা ও দলিল এবং ৮০০জন অনিচ্ছুক চাষির হাতে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ক্ষতিপূরণের ক্ষেত্রে অবশ্য কোনও সুদ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। নভেম্বর পর্যন্ত ২ টাকা কেজি দরে চাল ও ২ হাজার টাকা করে ভাতাও পাবেন চাষিরা। পাশাপাশি সিঙ্গুরে শেড খোলার জন্য ৭দিন সময়সীমা দেওয়া হচ্ছে টাটাকে। সিঙ্গুরে বিজয় উত্সবের কর্মসূচি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। বিশাল এই কর্মকাণ্ডের জন্য ওইদিনের নির্ধারিত প্রশাসনিক বৈঠকও পিছিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি চাষযোগ্য করে কৃষকদের হাতে তুলে দেওয়ার পর চাষ করার জন্য কৃষি দফতর থেকে প্যাকেজ পাবেন তাঁরা।
সিঙ্গুর এখন আর শুধু সফল কৃষক আন্দোলনের ইতিহাস নয়। ম্যানেজার তৈরির পাঠশালার বিষয়ও এখন সিঙ্গুর। সিঙ্গুর ঘুরে গেলেন আইআইএম আমেদাবাদের অধ্যাপক গৌতম দত্ত। ছবিও তুললেন প্রজেক্ট এলাকার। কোনও প্রজেক্ট কার্যকর করতে গিয়ে কী কী বাধা আসতে পারে, সিঙ্গুরকে সামনে রেখে সেটাই পড়ানো হবে ম্যানেজমেন্ট ছাত্রদের। আইআইএম, আমেদাবাদ। দেশের সেরা বিজনেস স্কুল। আইআইএম আমেদাবাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের অধ্যাপক গৌতম দত্ত হঠাত্ হাজির সিঙ্গুরে। ঘুরে দেখলেন। ছবিও তুললেন। পড়ানোর সময় ছাত্রদের সেই ছবি দেখাবেন তিনি। দেশের সেরা ম্যানেজার তৈরির পাঠশালার চর্চাতেও ঢুকে পড়ল সিঙ্গুর। একজন প্রজেক্ট ম্যানেজারের কাজই হল কোনও প্রকল্পের নীতি প্রণয়ন ও তা কার্যকর করা। তা করতে গেলে কোন কোন বিষয় মাথায় রাখা উচিত, কোন কোন সমস্যায় পড়তে হতে পারে, সেই বিষয়গুলিই পড়ানো হয় প্রজেক্ট ম্যানেজমেন্টে।
সিঙ্গুর উত্সবের প্রস্তুতি প্রায় শেষ। দুটি মঞ্চ বাঁধার কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি জমির দলিল ও ক্ষতিপূরণের চেক তৈরির কাজও চলছে পুরোদমে। এরই মধ্যে মাটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।যতই এগিয়ে আসছে সিঙ্গুর উত্সবের দিন, ততই ব্যস্ততা বাড়ছে সিঙ্গুরে। বিজয় উত্সবের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। দুটি মঞ্চ বাঁধার কাজ শেষ পর্যায়ে। বিজয় উত্সবের মঞ্চ থেকেই কৃষকদের হাতে জমির দলিল ও ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। তাই প্রশাসনিক কাজও চলছে জোরকদমে। রবিবার ছুটির দিন হলেও বোঝার কোনও উপায় নেই।