গৃহ ছিল কিন্তু গৃহিণী ছিলেন না এতদিন, ছিলেন শুধু গৃহকর্তা। হ্যাঁ, হ্যাঁ হোয়াইট হাউসের কথাই বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ছয় মাস পর আজই সে বাড়িতে পাকাপাকিভাবে স্বামী-পুত্রের সঙ্গে থাকতে এলেন মেলেনিয়া ট্রাম্প। ১৬০০ পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ে ছেলে ব্যারনকে নিয়ে প্রবেশ করেই দখিনা জানালা দিয়ে তুলে ফেললেন সুখী গৃহকোণের এক টুকরো ছবি আর তা সেঁটে দিলেন ট্যুইটারের হ্যান্ডেলে, সঙ্গে লিখলেন, "আমাদের এই নতুন বাসায় স্মৃতি তৈরির আশায় রইলাম"। কিন্তু এত দিন কোথায় ছিলেন মেলানিয়া এবং তাঁর পুত্র ব্যারন ট্রাম্প? হঠাত্ ছয় মাস বাদেই বা এলেন কেন?