)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমস্যা মিটে যাওয়া তো অনেক দূরের কথা, এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) ঝামেলা বেড়েই চলেছে। প্রথমে শুধু বিসিসিআই (BCCI) বাবর আজমদের (Babar Azam) দেশে গিয়ে খেলার বিরোধিতা করেছিল। পরবর্তী সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়ে পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরানোর দাবি জানায় শ্রীলঙ্কা (Sri Lanka) এবং বাংলাদেশ (Bangladesh)। এমন জোড়া চাপে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপ আয়োজন হতে পারে। আর তেমনটা হলে হয়তো এশিয়া কাপ বয়কটের পথে হাঁটবে পাক ক্রিকেট বোর্ড (PCB)।
মঙ্গলবার দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) কর্তাদের সঙ্গে বৈঠক করেন পাক বোর্ড চেয়ারম্যান নজম শেঠী। সেখানেই তিনি শ্রীলঙ্কায় টুর্নামেন্ট সরানোর ভাবনার বিরোধিতা করেন। বরং যে হাইব্রিড মডেল এসিসির সামনে তুলে ধরা হয়েছিল, তার উপরই ফের জোর দেন। পাক বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলির জন্য নিরপেক্ষ ভেন্যুর আয়োজন করা হবে। যা হতে পারে আমিরশাহীতে। কিন্তু বিসিসিআই-এর তরফে জানানো হয়, সেপ্টেম্বরে আমিরশাহীর গরমে খেলা অসম্ভব। যার পালটা দিয়ে পিসিবি চেয়ারম্যান দাবি করেন, ২০২০ সালে সেপ্টেম্বরে আইপিএল আয়োজিত হয়েছিল আমিরশাহীতেই। তাই সেক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ফলে কোনওভাবেই কাটছে না জটিলতা।
আগেই শোনা গিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপের আসর বসুক, এমনটা চাইছে না বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমনকী বিসিসিআই-এর সমর্থন পেয়ে ইতিমধ্যেই এসিসিকে টুর্নামেন্টটি আয়োজনের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। আর এতেই ক্ষুব্ধ পাক বোর্ড। এমনটা হলে টুর্নামেন্টে অংশ নাও নিতে পারেন বাবর আজমরা।
তবে তারও বিকল্প ভেবে ফেলেছে এসিসি। পাকিস্তান এশিয়া কাপ বয়কট করলে তাদের পরিবর্তে খেলার সুযোগ পাবে সংযুক্ত আরব আমিরশাহী। মঙ্গলবারের বৈঠক শেষে নাকি শেঠী এও জানান, এশিয়া কাপ সরে গেলে তিন-চারটি দল নিয়ে আলাদা ইভেন্টের আয়োজন করবে পাক বোর্ড। সব মিলিয়ে এশিয়া কাপ আয়োজন নিয়ে সমস্যা কিছুতেই কাটছে না।