Rishabh Pant | Yuvraj Singh: যুবির পেপ টকেই কি সাফল্য? চার শব্দের উত্তর পন্থের!

পন্থের এই ইনিংসের নেপথ্যে রয়েছেন ভারতের কুড়ি ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং!

শুভপম সাহা | Updated By: Jul 19, 2022, 12:21 PM IST
Rishabh Pant | Yuvraj Singh: যুবির পেপ টকেই কি সাফল্য? চার শব্দের উত্তর পন্থের!
যুবরাজকে কুর্নিশ পন্থের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রঙ একাই বদলে দিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রুরকির বছর চব্বিশের উইকেটকিপার-ব্যাটার ফের একবার নিজের জাত চিনিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের ফয়সলার ম্যাচে। পন্থ কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরির স্বাদ পান। তাঁর শতরানে ভর করেই ভারত অনায়াসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ও সিরিজ জিতে নেয়। পন্থের এই মারকাটারি ইনিংসের নেপথ্যে রয়েছেন ভারতের কুড়ি ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) পেপ টক! সেই প্রসঙ্গ ট্যুইট করে উসকে দিয়েছিলেন স্বয়ং যুবিই। এবার কিংবদন্তিকে প্রণাম জানিয়ে সেকথা স্বীকার করে নিলেন পন্থ।

Add Zee News as a Preferred Source

পন্থের ইনিংস দেখার পর যুবরাজ ট্যুইটারে লেখেন, "মনে হচ্ছে ৪৫ মিনিটের কথোপকথন কাজে লেগেছে!! যেভাবে ইনিংসের গতি ধরে রেখে খেলেলে তুমি, দারুণ বলতেই হচ্ছে ঋষভ পন্থ।  হার্দিক পাণ্ডিয়া দুর্দান্ত লাগল তোমাকে দেখে।"  অর্থাৎ এই ট্যুইটেই যুবি বুঝিয়ে দিলেন যে, ম্যাঞ্চেস্টা ম্যাচের আগে পন্থ-যুবরাজের ৪৫ মিনিটের কথোপকথন হয়েছে। এবার এই ট্যুইটের উত্তরে পন্থ লেখেন, " কাজে লেগেছে। বাস্তবিক অর্থেই যুবি পা।" এর সঙ্গেই পন্থ প্রণাম করার ইমোজি জুড়ে দিয়েছেন।

তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের ২৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৭২ রানে চার উইকেট (রোহিত ১৭, শিখর ধাওয়ান ১, বিরাট কোহলি ১৭ ও সূর্যকুমার যাদব ১৬) হারিয়ে ফেলে। এখান থেকেই ভারতের ত্রাতা হয়ে উত্তীর্ণ হন পন্থ-পাণ্ডিয়া। তাঁদের যুগলবন্দিতে ১১৫ বলে ১৩৩ রান ওঠে স্কোরবোর্ডে। ৫৫ বলে ৭১ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন পাণ্ডিয়া। চারে নেমে পন্থ ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৬টি চার ও ২টি ছয় হাঁকান ভারতের তিন ফরম্যাটে এক নম্বর উইকেটকিপার-ব্যাটার। 

ম্যাচের পর পন্থ বলেছিলেন, "আশা করি জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি আজীবন মনে রাখব। কিন্তু যখন আমি ক্রিজে ছিলাম, তখন শুধু বল বাই বল ফোকাস করছিলাম। যখন দল চাপে থাকে তখন এমনই ব্যাট করতে হয়। রান তাড়া করে জেতার আকাঙ্খাই থাকে। আমি ইংল্যান্ডে খেলা উপভোগ করি। ক্রিকেটকে উপভোগ করার জন্য যা আমি করতে পারব, তাই করে যাব। যত বেশি ক্রিকেট খেলব। তত অভিজ্ঞতা সঞ্চয় করব। ব্যাট করার সেরা পিচ ছিল এদিন। তবে কৃতিত্ব আমি বোলারদের দেব, ওরা ২৬০ রানের মধ্যে ইংল্যান্ডকে বেঁধে রেখেছিল। শুধু এই ম্যাচেই নয়, পুরো সিরিজেই আমাদের বোলাররা দারুণ বল করেছে। এই সিরিজ বলেই নয়, ওরা সারা বছর ভাল বল করেছে।" এখনও বাইশ গজে পন্থ বন্দনা চলছে।

আরও পড়ুন: Dinesh Karthik On Virat Kohli: 'বিরাটের মতো প্লেয়ারকে কখনও ছেঁটে ফেলা যায় না'

আরও পড়ুনSunil Gavaskar On Hardik Pandya: ক্রিকেটার হার্দিকের পরিবর্তনে মোহিত গাভাসকর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.